আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোন কিছুর অভাব কৃষকের নেই। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। সেই সাথে ভোক্তার কাছেও চাল যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের ১০ টাকায় চাল দেয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন করে অতিদরিদ্র উপকারভোগী অন্তর্ভুক্ত করে সেপ্টেম্বর থেকেই চাল বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। সমাজের
সকল শ্রেণি পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছে বার বার। অল্প কিছুদিনের মধ্যে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বক্তব্য রাখেন। এর আগে খাদ্যমন্ত্রী বালাতৈড় সিদ্দিক হোসেন
ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে