জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পর্শ হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. শাহজালাল (৪০)। সে অটোরিকশা চালাত।ঘটনাটি ঘটেছে শনিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আড়াইসিধা মাধুরপাড়া এলাকার বিল্লাল মিয়ার রিকশা গ্যারেজে।মৃত শাহজালাল উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া এলাকার মৃত মুলফত আলি মিয়ার ছেলে। রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্র জানায়, প্রতিদিন সকালে বিল্লাল মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে সারাদিন চালিয়ে রাতে রিকশা গ্যারেজে চার্জ দিয়ে বাড়িতে যান শাহজালাল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিল্লাল মিয়ার গ্যারেজে অটোরিকশাটি চার্জে দেয়ার সময় সে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিল্লাল মিয়ার পরিবারের লোকজন দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
এই বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শ হয়ে শাহজালালের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে৷ থানার অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























