শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এর ‘গুয়ানঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি’র মধ্যে আজ এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং ‘গুয়ানঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি’র পরিচালক প্রফেসর ড. গ্যান ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মো. এনামউজ্জামান ও গুয়ানঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি’র কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হওয়া ছাড়াও দুই বিশ্ববিদ্যালয় পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রকাশনা এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান করবে।
অনলাইন ডেস্ক, বিডি টাইমস্ নিউজ



























