প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাগর উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ও ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার, যা ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। বুধবার নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় অতিভারী বর্ষণসহ ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। নদ-নদীতে পানি বেড়ে পটুয়াখালী ও খুলনার অনেক নিম্নাঞ্চল এরইমধ্যে প্লাবিত। খুলনার দাকোপ কয়রা পাইকগাছা এলাকায় বেড়িবাঁধগুলো ঝুঁকির মুখে রয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াস শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় সাড়ে ৪শ’ কিলোমিটার, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে সাড়ে ৫শ’ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে। গতিপথ কিছুটা বদলে এটি এখন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























