
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা চার দিন বন্ধ থাকবে। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ও বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত চার দিন উক্ত স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ তথ্য নিশ্চিত করেন। তবে এ সময় বিশেষ ব্যবস্থায় উভয় দেশের আটকে পড়া বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার চলমান থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে পবিত্র ঈদ উপলক্ষে চার দিন উক্ত স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখিত বিষয়টি ইতোমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ বলেন, এ স্থলবন্দরের সীমান্তপথ দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ অনুমোদন নেওয়া বৈধপাসপোর্টধারী যাত্রীদের পারাপার অব্যাহত থাকবে। তিনি বলেন, সীমান্ত বন্ধ হওয়ায় কারণে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক নিজ দেশে যেতে পারবেন। অন্যদিকে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র ছাড়পত্র নিয়ে দেশে ফেরত আসতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























