জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় পুলিশ হেফাজতের তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এই তিনজন হলেন উপজেলার টিঘর গ্রামের হেফাজত নেতা আতিকুর রহমান (৩১), তেলিকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন (৪০) ও নোয়াগাঁও গ্রামের হেফাজতকর্মী মোরশেদ মৈশান (৫০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় হরতাল সমর্থকেরা খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা চালান। এ ঘটনায় ৩১ মার্চ খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মাইদুল ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা করেন। এই মামলায় ২২ জনের নাম রয়েছে। এ ছাড়া মামলাটিতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন থেকে চার হাজার জনকে।

মামলাটি তদন্ত করছেন সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন এজাহারভুক্ত। বাকি দশজন সন্দেহভাজন। শুক্রবার রাতে গ্রেপ্তার তিনজনও সন্দেহভাজন। মামলার তদন্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে আতিকুর রহমান ও তোফাজ্জল হোসেন ঘটনার দিন নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য থেকে তাঁদের চিহ্নিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান বলেন, খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র থেকে তথ্য–উপাত্ত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। শনিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে