আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে সারা দেশের ন্যায় নওগাঁতে শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এই লকডাউন মানাতে যথেষ্ট তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তবে রমজানের শুরুর দিনে কঠোর লকডাউনে বিভিন্ন অযুহাতে যে সব মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন তাদেরকে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।
জরুরি প্রয়োজন ছাড়া লকডাউনে মানুষের ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নিম্ন আয়ের মানুষ অনেকেই রাস্তায় নেমেছেন। রাস্তায় বেশকিছু রিকশা-ভ্যান ও মোটরসাইকেল চোখে পড়েছে। আবার অনেক মানুষ পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। বন্ধ রযেছে দোকানপাট, কাঁচা বাজারগুলো খোলা জায়গায় স্থান্তরের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে কাঁচাবাজার গুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিল না।
সকাল ১১টায় শহরের মুক্তির মোড়, ফায়ার সার্ভিস ও ঢাকা রোডে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যানবাহন বন্ধ থাকায় রিকশা-ভ্যানে করে যেসব মানুষ প্রয়োজনীয় কাজে যাচ্ছে। পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। কিন্তু সদুত্তর না পাওয়ায় অনেককেই রিকশা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে দোকানপাট খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জরিমানা করতে দেখা গেছে।
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এই লকডাউন ঘোষনা করেছে। তাই সকলকে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহবান জানান তিনি।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























