সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বৃষ্টির সাথে হালকা ঝড়ো বাতাসের কারনেই টানা সাড়ে চার ঘন্টা যাবত বিদ্যুতবিহিন রয়েছে সিরাজগঞ্জ শহর।
রোববার (০৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে সাড়ে রাত ৮টা পর্যন্তও সিরাজগঞ্জের শহরের কোন লাইনে বিদ্যুত সরবরাহ দেয়া হয়নি। এতে পুরো শহর অন্ধাকারাচ্ছন্ন হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে। অভিজাত বিপনী বিতানগুলোতে জেনারেটর বিদ্যুত চালিয়ে কোনমতে সচল রাখা হলেও ফুটপাত এবং ছোট ও মাঝারী বিপনী বিতানগুলোর ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। ক্রেতারাও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যর্থ হচ্ছেন। তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কোথাও কোথাও সামান্য ঝড়ো বাতাস বয়ে গেলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। সিরাজগঞ্জ নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লি. এর (নেসকো) নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-১) মো. আব্দুর রউফ জানান, ঝড়ো বাতাস বয়ে কোন এলাকায় তার বিচ্ছিন্ন বা লাইনে সমস্যা হয়েছে কিনা সেটা চেক করা হচ্ছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহতে দেরি হচ্ছে।
এইচ এম আলমগীর কবির
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























