
ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার(২২’শে মার্চ) সকাল ৯’টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাজারের উত্তর পার্শ্বে কেএমটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কবিরহাট এলাকার মানিক আচার্য্য(৫০) ও ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক। এ ঘটনায় আহতরা হলেন, মিরসরাইয়ের মস্তাননগর এলাকার সুব্রত আচার্য্য(৫০) ও ফটিকছড়ির নারায়ণহাট এলাকার শওকত আকবরের পুত্র জুবায়ের (১২)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে ফটিকছড়ি সদর বিবিরহাট থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা উত্তরদিকে যাচ্ছিল। সিএনজিটি কেএমটেক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম শহরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন প্রাণ হারায়। আরো দুইজন আহত হয়। ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এরমধ্যে সুব্রত আচার্য্যকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত জুবায়েরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরওয়ার আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করি। তার মধ্যে একজনের নামপরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























