আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জে আবারও আড়াই মাস বয়সী একটি মেয়ে শিশু চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল গ্রাম থেকে এই শিশুটি চুরি হয়। রবিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে চুরি যাওয়ার পরে দুপুর ১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে শিশু কে উদ্ধার করে পুলিশ।
চুরি যাওয়া শিশু বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামের সুলতান-নারগীস দম্পতির মেয়ে। বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমীন সরকার চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি ফজরের নামাজের পরে হারিয়ে যায়। সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) দয়াল ব্যানার্জি জানান, হারিয়ে যাওয়া শিশুটির বয়স মাত্র আড়াই মাস। বিষয়টি সন্দেহজনক হওয়ায় শিশুটির মা ও খালাকেও জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, শিশুটি হারানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চেকপোস্ট বসানো হয়। তারই ধারাবাহিকতায় ভদ্রঘাট এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে তার মামা ও মামির কাছে পাওয়া গেলে তাদেরকেও আটক করা হয়।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























