ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১৮ ফেব্রুয়ারি অনলাইনে ‘স্প্রিং ওরিয়েন্টেশন ২০২১’ আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তরুণ প্রজন্মকে ধৈর্যশীল ও সহনশীল হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে, তরুণ প্রজন্মের সামনে অপেক্ষা করছে উন্নত ভবিষ্যত। যেভাবে আমরা এগোচ্ছি আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা সামনে একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো কিন্তু আমরা যদি ধৈর্য্য হারা হই, আমরা যদি সহনশীল না হতে পারি, আমরা যদি নৈরাশ্যবাদী হই, আমরা যদি নৈরাজ্যবাদী হই, আমরা যদি দুশ্চিন্তায় ভেঙে পড়ি তাহলে আমাদের সামনে সমৃদ্ধির পথ কণ্টকাকীর্ণ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। তিনি শিক্ষার্থীদেরকে শুধু মূল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরের জগৎ সম্পর্কে জানার উপর গুরুত্বারোপ করেন এবং সুনাগরিক হয়ে বাংলাদেশ এবং পৃথিবীর বুকে নিজেদেরকে প্রস্তুত রাখার পরামর্শ দেন। মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়ালটন গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। ওয়ালটন কিভাবে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা ইলেকট্রনিক কোম্পানি হয়েছে এবং আন্তর্জাতিক মার্কেটে কিভাবে প্রভাব বিস্তার করেছে সে বিষয়ে আলোকপাত করেন।
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান ইউল্যাবের পরিচিতির উপর একটি বিশেষ প্রেজেন্টেশন দেন। ধন্যবাদ জ্ঞাপন ও নতুন শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানদের সাথে পরিচয় করিয়ে দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। এসময় ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা উপস্থিত ছিলেন। ১৯৫২’সালে ভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘ইউল্যাব থিম সং’ পরিবেশন করা হয়। ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) মোঃ ফয়জুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাব স্টুডেন্টস এ্যাফেয়ার্সের পরিচালক দিলারা আফরোজ খান।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























