ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)ঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনের দীর্ঘ ১৪ মাস পর অবশেষে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি কমিটি অনুমোদন দেওয়ার পর রাতে তা প্রকাশ করা হয়। ৭৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির বিভিন্ন পদে বৃহত্তর ফটিকছড়ি থেকে মোট ১৩ জন নেতা স্থান পেয়েছেন।
এতে সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী সহ-সভাপতি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি সাংগঠনিক সম্পাদক, সমিতিরহাটের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম আইন বিষয়ক সম্পাদক, সুয়াবিল ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বন ও পরিবেশ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুন শিল্প ও বাণিজ্য সম্পাদক মনোনীত হয়েছেন।
এছাড়া বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, জাফতনগর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরীর সুযোগ্য সন্তান হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, প্রয়াত আওয়ামী লীগ নেতা ড. মাহমুদ হাসানের বড় ছেলে ও জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, বিশিষ্ট শিল্পপতি মনজুর মোরশেদ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান কার্যনির্বাহী সদস্য পদে ঠাঁই পেয়েছেন।
ফটিকছড়ি থেকে সদস্য পদে স্থান পাওয়াদের মধ্যে রুস্তম আলী ছাড়া বাকি সবাই নতুন মুখ। তাঁরা এবারই প্রথম জেলা কমিটিতে স্থান পেয়েছেন। তবে নতুন কমিটি থেকে ছিটকে পড়েছেন বিগত কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করা ফটিকছড়ির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাঁরা হলেন, সাবেক সাংগঠনিক সাম্পাদক তৌহিদুল আলম বাবু, শিল্প ও বাণিজ্য সাম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, সদস্য অধ্যাপক শওকত হোসেন, মুহাম্মদ শাহজাহান ও সৈয়দ মুহাম্মদ বাকের।
মুহাম্মদ ওমর ফয়সাল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























