রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রতিতষ্ঠানের প্রচারের জন্য সড়কের পাশে গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিজ্ঞাপন। এতে করে সড়কের গাছগুলোর জীবন রয়েছে ঝুঁকির মধ্যে। বিজ্ঞাপনের পেরেকে এরই মধ্যে মরে গেছে অনেক গাছ। ছোট গাছগুলোও  রেহাই পাচ্ছে না পেরেকের নিষ্ঠুর আঘাত থেকে । এ সংক্রান্ত আইন থাকলেও স্থানীয় প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ।সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১২ সালে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনের ৪ ধারায় ৪ বলা হয়েছে নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোন স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে না । কিন্তু কার্যকারিতা না থাকায় আইনটি শুধু কাগজবন্দি হয়েই পড়ে আছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ১০০ শয্যা হাসপাতালের সামনে, রেলওয় হাসপাতাল মোড় , বিমানবন্দর সড়ক, রেলওয়ে স্টেশনের সামনে, ফাইলেরিয়া হাসপাতাল রোড , উপজেলা চত্বরের সড়কসহ শহর ও  গ্রামের বিভিন্ন হাটবাজারে ছোট বড় গাছে লাগিয়ে দেয়া হয়েছে বিভিন্ন বিজ্ঞাপন। বড় বড় লোহার পেরেকের সাহায্যে গাছের শরীরে এমনভাবে গেঁথে দেয়া হয়েছে যাতে সহজে কেউ খুলতেও না পারে। বিজ্ঞাপন লাগানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষা প্রতিতষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, নানান অখ্যাত অনিবন্ধিত প্রতিষ্ঠান, চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের ফেস্টুন। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই যে যেখানে পারছে পেরেক বা তাঁরকাটার মাধ্যমে গাছে বিজ্ঞাপন সাটিয়ে দিচ্ছে। এ কারনে ইতোমধ্যে   ঢেলাপীড় হাট ও  বিমানবন্দর সড়কের গাছে  পেরেক ঠুকে দেয়ার কারণে প্রাণ হারাতে বসেছে গাছ গুলো ।

সৈয়দপুর সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা মমতাজ জাহান বলেন, আমাদের  যেমন অনুভূতি আছে তেমনি গাছেরও অনুভূতি আছে, আঘাতে আমরা যেমন  কষ্ট পাই ঠিক গাছ ও কষ্ট পায়। গাছে লোহার পেরেকের কারনে পানি জমে গাছ ক্ষতিগ্রস্থ হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক  রুহুল আলম বলেন, যেভাবে পেরেক দিয়ে এসব বিজ্ঞাপন লাগানো হচ্ছে সামান্য ঝড় বাতাসে এগুলো ছিড়ে গিয়ে পথচারীদের মাথায় পড়ে প্রাণহানীর মত দুর্ঘটনা ঘটতে পারে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ  জানান বটবৃক্ষে পেরেক মেরে কোনো কিছু লাগানো মানে গাছের উপর অত্যাচার, এ বিষয়  নির্দিষ্ট আইন ও রয়েছে। যাদের এ ধরনের বিজ্ঞাপন লাগিয়েছে তাদের তা সরিয়ে ফেলার অনুরোধ করেন তিনি। অন্যথায়  আইন অমান্যকারীদের বিরুদ্ধে খুব শিগগির ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে