ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় নেই, সে জন্য শিক্ষা ও শিল্প সংস্কৃতির পাদপীঠ খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় উক্ত তিনটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মহুয়ী শারদের সভাপতিত্বে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বিজয়নগর শাখার সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মো. নাসির, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ঈশা ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. জিহাদ প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প সংস্কৃতির রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কোনো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান নাই। অথচ পার্শ্ববর্তী হবিগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লা জেলায় সরকারি এসব উচচশিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া দেশের অনেক প্রত্যন্ত জেলায় ও এ ধরনের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তথাপি উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভৌগোলিক ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা সত্বে ও ব্রাহ্মণবাড়িয়ায় কোনো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে জেলার সাধারণ পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। আর্থিক সামর্থ্যের অভাবে অনেককে আবার এ সুযোগ থেকেও বঞ্চিত হতে হয়।

৩৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারে কাছে জোর দাবি জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জহির সিকদার
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে