আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ (চাঁদপুর)।। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি বলেছেন, চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলার অভ্যন্তরে দুর্ঘটনা বেড়ে গেছে। মানুষ অকাতরে জীবন হারাচ্ছে। এটা রোধ করতে হবে। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গতিসীমা, বিপজ্জনক বাঁক- সড়ক দুর্ঘটনার জন্য যেমন দায়ী। তেমনই, যাত্রী সাধারণ, পথচারী, সড়কের পার্শ্বের লোকজন, দোকানী, বাড়িঘরের বাসিন্দা, সরকারী-বেসরকারী দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তি সকলেই কমবেশী দায়ী। তিনি বলেন, সড়কে দুর্ঘটনার জন্য কোনো এক পক্ষ দায়ী নয়। এর সঙ্গে জড়িত সকলকে এ ব্যপারে সচেতন দায়িত্ববান হতে হবে। দুর্ঘটনা কমাতে হবে। মানুষের জীবন রক্ষা করতে হবে। যার পরিবারের সদস্য মৃত্যুবরণ করেন, আপনজন হারানোর যন্ত্রণা তিনি বোঝেন। আমরা কারো জীবন ফিরিয়ে দিতে পারবো না। তবে, দুর্ঘটনা রোধ করতে পারি। সড়কের পার্শ্বে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও অপরিকল্পিভাবে গাছ লাগানো যাবে না।
সড়কের পার্শ্বে পর্যাপ্ত ফুটপাথ রাখতে হবে। তিনি বলেন, ফরিদগঞ্জে সড়কে দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসনের সাহায্য নেয়া হবে। তিনি মালিকপক্ষের উদ্যেশ্যে বলেন, দক্ষ ও অভিজ্ঞ চালকের হাতে যানবাহনের দায়িত্ব দিতে হবে। অসুস্থ ও বিভিন্ন বদঅভ্যাসে অভ্যস্ত চালকের হাতে যানবাহন তুলে দেয়া যাবে না।
সড়কে যানবাহন নামানোর সময়ে দেখতে হবে ফিটনেস ঠিক আছে কি না। আমরা মোবাইল কোর্ট ও মামলা করে কাউকে শাস্তি দিতে পারবো। কিন্তু, এটা কোনো সাধান নয়। মনে রাখতে হবে দুর্ঘটনা রোধ করা আমাদের লক্ষ্য। আমরা প্রয়োজনে চালকদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করবো। তিনি বলেন, এ জন্য সর্বাগ্রে যানবাহনের চালক ও মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। তবে, যানবাহনের চালক ও মালিকপক্ষ নিয়মবিধি না মানলে আমাদের আইন প্রয়োগ করতে হবে। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কর্মীদের সাধুবাদ জানিয়ে বলেন, সকলপক্ষের সচেতনতা বাড়াতে আপনারা সময়োপযোগি উদ্যোগ নিন। প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করবো। তিনি গতকাল বুধবার দুপুরে “পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ‘আমাদের করনীয় র্শীষক’ আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদের অডিটরিয়ামে, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত প্রায় দুই সপ্তাহে ফরিদগঞ্জ উপজেলায় সড়কে দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। এতে, আতংক বেড়ে গেছে যাত্রী সাধারণ এর মধ্যে। বক্তাগণ বলেছেন, চাঁদপুর জেলার মধ্যে সড়কে দুর্ঘটনা ও সবচেয়ে বেশী মৃত্যু হচ্ছে ফরিদগঞ্জে। এরই প্রেক্ষিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, বি.আর.টি.এ চাঁদপুর জেলা সহকারি পরিচালক আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বারাকাত উল্যাহ পাটওয়ারী, নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মী ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা সাঈদ পাটওয়ারী, ফরিদগঞ্জ থানা পুলিশ প্রশাসনের পক্ষে এস.আই জালাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি কামরুজ্জামন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাব এর সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, শাকিল মুশফিক, আমান উল্লা আমান, শিক্ষক সুলতানা রাজিয়া দিপু, ফরিদগঞ্জ মালিক সমিতি’র সভাপতি রাজা মিয়া, চাঁদপুর জেলা ,্রমিক ফেডারেশন এর সহসভাপতি রফিকুল ইসলাম, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শাহ্আ লম প্রমুখ। এছাড়া, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা উপস্থাপনা করেন শামিম আহমেদ।
ফরিদগঞ্জ (চাঁদপুর) নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























