স্টাফ রিপোর্টার, ফেনী নিউজ ডেস্ক।। তাকিয়া বাজারটি উপজেলার বগাদানা ইউনিয়নে অবস্থিত। সেই তাকিয়া বাজারের রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে কিছু প্রতাপশালী ব্যক্তি। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌহিদুল হাসান রিপাত ও সাধারণ সম্পাদক সলিমুল্লাহ রিপন’সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের যোগসাজশে বাজারের জিরো পয়েন্টে রাস্তার জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে। এতে করে সোনাগাজীর কাজীরহাট থেকে ফাজিলের ঘাট হয়ে দাগনভূঞা সড়ক ও বক্তারমুন্সী থেকে তাকিয়া বাজার সড়কে তিন রাস্তার মোড়ে তীব্র যানজট ও জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, ব্যবসায়ীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ও সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু তারা তাদের দেওয়া দিকনির্দেশনা ও সীমানা অমান্য করে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখে চলেছে এবং ব্যবসায়ীগণকে নানা রকম ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম মানিক, নজরুল ইসলাম, ফল ব্যবসায়ী নুর হোসেন, নুরুল আমিন সহ অন্যান্য ব্যবসায়ীগণ বিষয়টি সুরাহা করার জন্য ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান’সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার জানান, স্কুলের মালিক দখলীয় জায়গায় দোকানঘর নির্মাণ করা হচ্ছে। রাস্তার জায়গা দখলের অভিযোগ সত্য নয়।
ফেনী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























