আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ (চাঁদপুর)।। ফরিদগঞ্জে তেলের ট্যাঙ্কার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩’জনের মৃত্যু হয়েছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আজ সকাল সাড়ে ৭’ঘটিকায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে সড়কে দুর্ঘটনায় ৭’জনের মৃত্যু হয়েছে।
আশেপাশের লোকজন ছুটে গিয়ে অটোরিক্সা চালক রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের জাহাঙ্গির আলম (৩২), ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালি গ্রামের যাত্রী রুমা বেগম(৩০) ও শোল্লা গ্রামের মামুন হোসেন(৪৫)কে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গির আলম ও রুমা বেগমকে মৃত ঘোষণা করেন। মামুন হোসেনকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রায়পুরের দিক থেকে যাওয়া তেলের ট্যাঙ্কার(নোয়াখালী-ট ০৫-০০৬৭)চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময়ে ফরিদগঞ্জ থেকে ছেড়ে যাওয়া অটোরিক্সা (লক্ষ্মীপুর-থ ১১-৬৮৬৭)সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় ও তার যাত্রীগণ গুরুতর আহত হন। এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, তেলের ট্যাঙ্কার চালক পালিয়ে গেছেন। অটোরিক্সা ও তেলের ট্যাঙ্কারটি থানা হেফাজতে রয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফরিদগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























