রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রী’সহ তিন ইজিবাইক ছিনতাইকারী সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার(২৭’শে নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া এলাকার অচিনের ডাঙ্গা নামক স্থানে একটি অটোবাইক ছিনতাইকালে হাতে নাতে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন, পাশ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সাড়োভাসা গ্রামের মহির উদ্দিনের পুত্র মফিজার রহমান (২৭) এবং একই উপজেলার বাহাগিলী ইউনিয়নের বগলাগাড়ী গুচ্ছগ্রামের আলম হোসেনের পুত্র লাজু হোসেন (২৬) ও লাজুর স্ত্রী রিনা আকতার (২২)।

জেলা সদরের কালিতলার আব্দুল হোসেনের পুত্র ইজিবাইক চালক খোরশেদ আলী বলেন, রাত ৮টার দিকে ছিনতাইকারী চক্রটি রিনা আকতারকে সিজারের রোগী সেজে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড় থেকে অচিনের ডাঙ্গা পর্যন্ত ৩ শত টাকায় ভাড়া নেয় ইজিবাইকটি। রাত ৯টার দিকে অচিনের ডাঙ্গায় পৌছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে সড়কের পাশে নিয়ে বেঁধে ফেলার চেষ্টাকালে আত্মচিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে মহিলাসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাকী তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বাকী ছিনতাইকারীদের আটক করার চেষ্টা চলছে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে