জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলার অভিযোগে পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. সফিউল আজম এ রায় দেন। মামলার অপর তিন আসামিকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদার আহমেদ জানিয়েছেন। যাকে হত্যা করা হয়েছিল, তিনি ছিলেন একজন ফল ব্যবসায়ী। তার নাম ছিল শওকত আলী।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার সৈয়দটুলার ফকিরপাড়া গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার শাফি, মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। তাদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক আছেন। এক বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— হেলিম মিয়া, আবুল বাদশা, মামুন মিয়া। এর মধ্যে আবুল বাদশা পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে সরাইল সদরের অন্নদা স্কুল মোড়ের ফল ব্যবসায়ী শওকত আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় শওকতের ভাই আব্দুল বাতেন বাদি হয়ে নয় জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই রায়ে অসন্তুোষ জানিয়েছেন মামলার বাদি আব্দুল বাতেন। তিনি বলেন, মামলাটিকে উচ্চ আদালতে আপিল করা হবে। বাদি পক্ষের আইনজীবি বশির আহমেদ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার কারণে আমাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন আদালত। এই নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

উল্লেখ্য যে, এই মামলার ৯ জন আসামির মধ্যে আবুল কাশেম নামের একজন ৩ বছর আগেই মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে