আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।।ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীর ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আফসানা ইয়াসমিন জানান, স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারী করা হয়েছে।

প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার ৩ নং ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী করোনা ভাইরাসের সময় সৃষ্ট সংকট মোকাবেলায় সরকারী চাল বিতরণ না করে নিজ দপ্তরে অবৈধ ভাবে মজুদ করে রাখে। এছাড়াও তিনি হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়ম এবং নিয়মবহির্ভুতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণসহ দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমানিত হয়। এর ফলে ১৬ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখা থেকে সামায়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারী করা হয়।

সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান রমজান আলী জানান, এ সংক্রান্ত কোন চিঠি এখনও হাতে পাইনি।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে