আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ, (চাঁদপুর)।। শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শতকরা ৪৫ ভাগ বাড়িভাড়া ও শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রতিষ্ঠানে প্রশাসনিক ক্ষেত্রে জেনারেল শিক্ষকদেরকে নিয়োগের বিধানসহ বিভিন্ন দাবী বাস্তবায়নের জন্য পুনঃ আহবান জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটি)-এর চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ।

“মুজিব বর্ষের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলনে নেতৃবৃন্দ বিভিন্ন দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি তাছলিমা মুন্নী। শুক্রবার সকাল ১১ হতে বিকাল তিন ঘটিকা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা সদরে ওয়ান স্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কচুয়া, মতলব (উত্তর ও দক্ষিণ), হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা শাখা বেসরকারী জেনারেল শিক্ষক নেতা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন, মেধা গঠনে, সমাজে ও রাষ্ট্রীয় কাজে বেসরকারী মাদরাসা শিক্ষকগণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মাদরাসা থেকে লেখাপড়ার পাঠ শেষ করে অগুনতি ছেলেমেয়ে দেশে ও বিদেশে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ, এ শিক্ষকগণ নানাভাবে অবহেলিত ও বৈষম্যের শিকার। চাকরি শেষে বেসরকারী শিক্ষকগণ প্রায় শুন্য হাতে ঘরে ফেরেন।

বক্তারা বলেন, জেনারেল শিক্ষকগণ মাদরাসায় নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অথচ, তারা প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারেন না। জেনারেল শিক্ষকগণ যাতে প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারেন এ লক্ষে বিধান তৈরীর দাবী জানান তারা। বেতন বৈষম্য দূরকিরণে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, ১১শ গ্রেডে বেতন স্কেল ১২ হাজার, ১০ম গ্রেডে ১৬ হাজার, ৯ম গ্রেডে ২২ হাজার। অথচ, ৮ম গ্রেডে হয় ২৩ হাজার টাকা। অর্থাৎ ৮ম গ্রেডে বেতন বাড়ে এক হাজার টাকা। এটা অদ্ভুত বলে বক্তারা মন্তব্য করেন। তারা আরও বলেন, ৭ম গ্রেডে বেতন বেড়ে ২৯ হাজার টাকা হয়। বক্তারা বলেন, এ সংক্রান্ত বৈষম্য দূরীকরণসহ অন্যান্য দাবীদাওয়া বাস্তবায়নের জন্য বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটি) আন্দোলন করে আসছে। শুক্রবারের সম্মেলন থেকে বক্তব্যকালে, উত্থাপিত দাবী বাস্তবায়নের জন্য বক্তারা সরকারের প্রতি পুনরায় উদাত্ত আহবান জানান।

ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাসছুল আরেফিন মুকুল এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হোসেন, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আরিফ ইমাম। অন্যান্যদের বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি প্রভাষক মহিউদ্দিন ও প্রভাষক ইলিয়াস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আইসিটি চাঁদপুর জেলা এ্যাম্বেসেডর মাসুদ ইউনুছ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। সম্মেলনে, সর্ব সম্মতিক্রমে পুনরায় শামছুল আরেফিন মুকুলকে সভাপতি ও বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফরিদগঞ্জ, (চাঁদপুর) নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে