ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপ‚র্ণভাবে সম্পন্ন হয়েছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল। সংগঠনটির সদর দপ্তর হিসেবে চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মিলনায়তনে রোববার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সম্মেলনে সারাদেশ থেকে আসা হেফাজতের প্রায় সাড়ে তিন শতাধিক শীর্ষ মুরুব্বী অংশ গ্রহণ করেন।

সম্মেলনের শুরুতে সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে আহবায়ক করে ১২ সদস্যের সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে তাদের পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলামের ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে হেফাজতের সাবেক মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী আমীর এবং সাবেক নায়েবে আমীর ঢাকা জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হন।

দীর্ঘ তিনঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত রুদ্ধদ্বার এ প্রতিনিধি সম্মেলন শেষে দুপুর ২টায় সাংবাদিকের সামনে নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এসময়, সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান করে ২৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।

সম্মেলনের শুরুতে হেফাজতে ইসলামের প‚র্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এদিকে গতকাল হেফাজতের এ প্রতিনিধি সম্মেলনকে ঘিরে হাটহাজারী মাদ্রাসা ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেবলমাত্র নির্ধারিত শীর্ষ মুরুব্বী ও কাউন্সিলরগণ সম্মেলনস্থলে প্রবেশের সুযোগ পেয়েছেন। এর বাইরে শত শত নেতাকর্মী হাটহাজারী মাদরাসার অভ্যন্তরে ও
আশপাশে অবস্থান নেয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালের পর হেফাজত আমীরের পদ শ‚ণ্য হওয়ায় নতুন আমীর নির্বাচনের জন্য এ সম্মেলন আহŸান করা হয়। প্রতিষ্ঠার দশ বছর পর প্রথমবারের মত আয়োজিত এই সম্মেলনকে ঘিরে সারাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন ধরে আলোচিত এ ধর্মীয় সংগঠনের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে হেফাজতের কর্মী-সমর্থকদের পাশাপাশি সারাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে নানা কৌতুহল কাজ করছিল। তবে এই প্রতিনিধি সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হেফাজতের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও প্রয়াত আমীর আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীসহ তার অনুসারীরা। তারা বলছেন, এ সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। সম্মেলনে আল্লামা শফীর একনিষ্ঠ অনুসারীদের আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন আনাসের অনুসারীরা। এদিকে হেফাজতের এ প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে শনিবার থেকে হাটহাজারী এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত শান্তিপ‚র্ণভাবে সম্মেলন শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে