সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর ।। লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে বাড়িতে গিয়ে ইসমাইল হোসেন পাঠান নামে এক ঠিকাদারের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে এ মামলা দায়ের করা হয়।

বাদীর আইনজীবী মো. জহির হোসেন জানান, আদালতের বিচারক জুয়েল দেব মামলাটি আমলে নিয়েছেন। ঘটনাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা মোস্তফা মাহতাব উদ্দিন সুমন, শরিফ উদ্দিন ভিউ, মহিউদ্দিন সুজন, উম্মে কুলছুম জেবুন্নেছা, লামিয়া আক্তার ও অচেনা ১০ জন।

এজাহার সূত্র জানায়, মামলার বাদী ইসমাইল হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি আসামিরা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ৭ অক্টোবর আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাসায় গিয়ে ঠিকাদার ইসমাইলের ওপর হামলা চালায়।
এসময় বাধা দিতে গেলে ইসমাইলের স্ত্রী শিরীন আক্তারকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। আশপাশের মানুষ এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা না দিলে ঠিকাদারকে বাড়ি ছাড়া ও হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী ইসমাইল হোসেন পাঠান বলেন, পরিবার নিয়ে আমি খুব আতঙ্কে আছি। আসামিরা খুব খারাপ লোক। তারা একবার আমার ওপর হামলা করেছে। টাকা না দিলে তারা আমাকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছে। হামলার ঘটনাটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা আছে।

সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে