রাজধানীতে ১৫ এপ্রিল থেকে সিটিংসার্ভিস কোনো বাস চলবে না। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতি বলছে, এতে গেইটলকের নামে বাড়তি ভাড়া নেয়ার সুযোগ বন্ধ হবে। আগামী এক মাসের মধ্যে সব রংচটা ও জীর্ন বাস মেরামতের নির্দেশও দিয়েছে সমিতি।

পরিবহন মালিক ও শ্রমিকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ বহু দিনের। যখন তখন ভাড়া বাড়ানো, যেখানে সেখানে যাত্রী ওঠানামা এটা নিত্যদিনের চিত্র।রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আড়াই ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়া যাবে না। বাসে মহিলা ও প্রতিবন্ধিদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে।এসব সিদ্ধান্ত মানা হচ্ছে কি না তা দেখতে মাঠে থাকবে মালিক সমিতির টিম। অভিযোগ পাওয়া গেলে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে সামতি।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, এই খাত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদা নেয়া হচ্ছে। সেই কারণেও পরিবহন সংশ্লিষ্টদের অনাচার বাড়ছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














