ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে “আবুল মনসুর আহমদের সাহিত্যে সমাজের ধর্মান্ধতা ও শ্রেণিচরিত্র” শীর্ষক সেমিনার বুধবার রবীন্দ্র নজরুল কলা ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। বিশেষ আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক গাজী মোঃ মাহবুব মুর্শিদ এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহবায়ক জনাব ইমরান মাহফুজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আবুল মনসুর আহমদ বিশ্বকে দেখার চেষ্টা করেছেন তার আমিত্ব বোধ থেকে। তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার সম্বনয়ে চিন্তা করতেন। আবুল মনসুরের দর্শনে স্বাধীন চিন্তা ও পরমতসহিষ্ণুতা প্রাধান্য পেয়েছে। রাজনীতিবিদ হিসেবে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্যভিত্তিক সমাজ বির্নিমানে দিক্ষিত ছিলেন। তিনি আরও বলেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় শক্তি সৃজনশীলতা। আবুল মনসুর আহমদের সাহিত্য নতুন প্রজন্মকে সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে সহায়তা করবে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন আবুল মনসুর আহমদ একজন সংস্কারমুক্ত মানুষ ছিলেন।
তার চিন্তা ও দর্শন সবসময়েই প্রাসঙ্গিক। তিনি বহুমুখী সত্ত্বার অধিকারী ছিলেন। একাধারে সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন তিনি। বাঙালী মুসলমানদের মধ্যে আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবুল মনসুর আহমদের দর্শন আলোকবর্তিকার মত কাজ করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























