যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে ক্যাম্পাসে বিজয় র্যালি বের হয়। র্যালিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় পতাকা বহন করেন । এসময় বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের ভাষণ আর জাগরণী গানে মুখরিত হয় ক্যাম্পাস। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ফুল দিয়ে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ। আরো শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা ছাত্রী হল প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তাবৃন্দ, কর্মচারী পরিষদ, বিভিন্ন বিভাগ-সমিতি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ মহোদয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করেন। তাঁরই নির্দেশনায় বাঙালি নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় অর্জন করেন। আজ বাঙালির আনন্দের দিন। ২৪ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বাঙালি পেয়েছিল নিজস্ব ঠিকানা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। লাল সুবজ পতাকা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমার্থক।
উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, পাকিস্তানীরা ১৯৪৭ সাল থেকে বাঙালির উপর যে নির্যাতন নিপীড়ন আর শোষণ করছিল তার মুক্তিদাতা হয়ে বাঙালিকে পথ দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দেখানো পথে বাংলাদেশ ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে।ট্রেজারার প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ বলেন, পৌনে দুই শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঁচার স্বাধীনতা পায় ১৯৭১ এর আজকের দিনে।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফজলুল হক, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা মাহমুদুল হাসান, পরিবহন প্রশাসক ড. মোঃ কামরুজ্জামান, গেস্ট হাউজ প্রশাসক ড. হাসিবুর রহমান, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপর দুপুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ও শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এবং বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা আলোক সজ্জিত করা হয় এবং হল সমূহে উন্নত ভোজের ব্যবস্থা করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























