রাবি প্রতিনিধিঃ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ ঊর্ধতন কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, সাড়ে ৭টায় গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন।


এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন হল প্রশাসন, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ, রাবি ছাত্রদলসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিট কমান্ড, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় স্কুলের খেলাধুলার উদ্বোধন ও পুরস্কার প্রদান করেন উপাচার্য, সকাল সাড়ে ৯টায় আনন্দ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টায় সাবাস বাংলাদেশ চত্বরে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মার্চপাষ্ট, শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট, ফুটবল ও হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচিতে আরো আছে সন্ধ্যা ৬:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনা।
এদিন রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও বরেন্দ্র গবেষণা জাদুঘর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল।
মেশকাত মিশু
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























