জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জনসংখ্যা বিজ্ঞান বিভাগ । আজ ১৫ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় মাঠে জনসংখ্যা বিজ্ঞান বিভাগ এবং আইন ও বিচার বিভাগের মধ্যকার এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। শ্বাসরুদ্ধকর এই ফাইনালের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম ৫ টির প্রত্যেকটিকে গোলে পরিণত করে উভয় দল। পরবর্তীতে ৩টি শটের ৩টিই মিস করে আইন বিভাগ, অন্যদিকে জনসংখ্যা বিজ্ঞান বিভাগ ১টি গোল করে জয়লাভ করে। আজকের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ময়মনসিংহ-৭ (এিশাল) আসনের সাংসদ আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন মাদানী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জাককানইবি ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। গত ১লা ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টে এর আগে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে আসে আইন ও বিচার বিভাগ।

একইদিন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জনসংখ্যা বিজ্ঞান বিভাগ। উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার গত আসরে চ্যাম্পিয়ন হয় লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ এবং রানার্স আপ হয় বাংলা ভাষা ও সাহিত্য।

আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে