বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আর্থিক লেনদেনের বিনিময়ে করা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পদদেশে সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া-ঝিনাইদহগামী ২টার নির্ধারিত বাস ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রায় আধা ঘণ্টা পর তালা খুলে দেয় নেতাকর্মীরা। সমাবেশে বিদ্রোহী গ্রুপের নেতা তৌকির মাহফুজ মাসুদ বলেন, পলাশ-রাকিব অনৈতিকভাবে টাকা দিয়ে কমিটিতে এসেছে। আমরা এ কমিটি মানি না। কেন্দ্রীয় কমিটির কাছে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, সম্প্রতি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ৪০ লাখ টাকায় নেতা হবার অডিও ফাঁস হয়। তার জেরে সভাপতি-সম্পাদক দুজনকেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























