ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন (ইউল্যাব-এমইউএনএ) কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো শুরু হলো– ‘ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন ২০১৯’। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাব মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবারের আয়োজনের আলোচ্য বিষয় ছিলো “গুড গভার্নেন্স এজ এ টুল অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট“।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্ৰামের আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ সোসাইটির প্রেসিডেন্ট জনাব হুমায়ুন কবির। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এসময় উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাব মুন এসোসিয়েশনের উপদেষ্টা ও ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড হিউমিনিটিজ এর প্রভাষক আব্দুল ওয়াহিদ। ইউল্যাব–এমইউএন এর প্রতিষ্টাতা সভাপতি ও মহাসচিব কাজি রায়হানুল বারি স্বাগত বক্তব্য দেন।
তিনদিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইশত-এর বেশি শিক্ষার্থী, বিভিন্ন রাষ্ট্রের ছায়া প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই অধিবেশন চলবে ২ নভেম্বর ২০১৯ পর্যন্ত।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























