বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০১৯ রবিবার থেকে ১৩ নভেম্বর ২০১৯ বুধবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি দিন চারটি শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ১০ নভেম্বর রবিবার অ-ইউনিট, ১১ নভেম্বর সোমবার ই-ইউনিট, ১২ নভেম্বর মঙ্গলবার ঈ এবং ঋ-ইউনিট, শেষদিন ১৩ নভেম্বর বুধবার উ এবং ঊ-ইউনিট এর পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার ১ম শিফট সকাল ৯-১০টা, ২য় শিফট বেলা ১১-১২টা, ৩য় শিফট দুপুর ১:৩০-২:৩০টা এবং ৪র্থ শিফট দুপুর ৩:৩০-৪:৩০টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা চলাকালীন তিনটি আবাসিক হল-এ শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করতে পারবেন। ক্যাম্পাসের শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরি এবং আবাসিক হল সমূহে ভর্তি পরীক্ষার্থী এবং কোনো অতিথি অবস্থান করতে পারবেন না। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর ২০১৯) সকাল ১০টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৪র্থ সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
এর আগে ছয়টি অনুষদভূক্ত ২১টি বিভাগে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ৩ অক্টোবর শুরু হয়ে ২৫ অক্টোবর শেষ হয়। এতে মোট ১৩১৫টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করে ৭৭ হাজার সাতশত ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কলা অনুষদভুক্ত অ-ইউনিট-এ ১৯৫টি আসনের বিপরীতে আবেদন করে ২০ হাজার সাতশত ৯২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ই-ইউনিট এ ৩৭৫টি আসনের বিপরীতে আবেদন করে ২৩ হাজার ৯২ জন, বিজনেস স্টাডিজ অনুষভুক্ত ঈ-ইউনিট-এ ২৪৫টি আসনের বিপরীতে আবেদন করে নয় হাজার আটশত ৭৫ জন, বিজ্ঞান অনুষদভুক্ত উ-ইউনিট-এ ২৮০টি আসনের বিপরীতে আবেদন করে আট হাজার আটশত ৬০ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ঊ-ইউনিট এ ১০০টি আসনের বিপরীতে আবেদন করে ছয় হাজার নয়শত ১৫ জন এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ঋ-ইউনিট-এ ১২০টি আসনের বিপরীতে আবেদন করে আট হাজার একশত ৯০ জন।
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্নকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা স্বাক্ষর এবং ছবি ভুল করেছেন, তাঁরা আগামী ০১ নভেম্বর ২০১৯ এর মধ্যে বিশ^বিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও যেসকল ভর্তিচ্ছু ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহী তাদেরকে আগামী ৩ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।
এ ছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালীন দায়িত্বে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সার্বক্ষণিক আইডি কার্ড ব্যবহার করবেন। বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল-এ অবস্থানকারী আবাসিক শিক্ষার্থীরাও নির্ধারিত কার্ড (আবাসিক শিক্ষার্থীদের আইডি) সঙ্গে রাখবেন। ভর্তি পরীক্ষার রুটিন, প্রবেশপত্রসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























