শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শোক র্যালিটি শুরু হয়েছে। এ সময় র্যালিতে অংশগ্রহণকারীদের অপরাধীর কোনো দল নাই, বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না, আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই ও বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই এমন স্লোগান দিতে দেখা যায়।র্যালির শুরুতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ বলেন- “হত্যাকারীদের বিচার দাবিতে এবং আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র্যালি পালন করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে ও আর কোনো আবরার যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি।”
শোক র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন এর সামনে দিয়ে, একাডেমিক ভবন হয়ে এসে স্বাধীনতা চত্বরে এসে থেমে পথসভার মাধ্যমে শেষ হয়।উল্লেখ্য, গত রোববার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























