রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবরার হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস নিপা বলেন, আমরা খুনোখুনির রাজনীতি চাই না। আমরা চাই না আর কোন মায়ের বুক খালি হোক। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বুয়েটে নয়, সারাদেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রলীগ সহ সকল রাজনীতি বন্ধের দাবি জানাই। আমাদের মা-বাবা আমাদের একবুক আশা-স্বপ্ন নিয়ে আমাদের শিক্ষা নিতে পাঠিয়েছেন। আমরা মানুষ হব, সোনার মানুষ হব। কিন্তু এই রাজনীতি আমাদের লাশ বানিয়ে মায়ের কাছে পাঠাচ্ছে। আর কোন মায়ের বুক খালি হোক তা আমরা আর দেখতে চাই না।
এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস রাজনীতি বন্ধের দাবি জানান। আবরার হত্যায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।কর্মসূচি থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবারো শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করেন তারা।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























