ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ল’ এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে একুশ শতকের আইনগত শিক্ষার চ্যালেঞ্জ ও সংস্কার শীর্ষক আর্ন্তজাতিক সেমিনার বুধবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের সভাপতি ও ট্রেজারার ড. সেলিম তোহার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। মূখ্য আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের বাকুরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ও আইন বিভাগের অধ্যাপক জয়ন্ত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রেবা মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন আইন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত কাঠামোর সাথে সংগতি বিধান এবং একটি মানবিক সমাজ তৈরি করার জন্য আইনগত সংস্কার প্রয়োজন। আইনগত কাঠামোর সংস্কার ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইনগত শিক্ষাকে বিশ্বায়ন, সামাজিকীকরণ, দক্ষ জনশক্তি তৈরি, সুশাসন নিশ্চিত সহ অন্যান্য মৌলিক বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে। আইনগতভাবে সচেতন হলে মানুষ অন্যায় থেকে বিরত থাকবে এবং ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. শাহীনুর বলেন একজন ভাল মানুষ হতে হলে এবং সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আমাদের আইনগত ধারণা থাকতে হবে। মানুষ তার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী আইন তৈরি করে। আইন শিক্ষার প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুণগত মান উন্নত করার মাধ্যমে আমরা এই ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ উত্তরণ করতে পারব। শুধুমাত্র উচ্চশিক্ষা নয় বরং শিক্ষার সকল পর্যায়ে আইনগত শিক্ষার বিষয় অর্ন্তভূক্ত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রেবা মন্ডল বলেন জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে আইনগত শিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর আইন শিক্ষার গুণগত মান উন্নত করার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
মূখ্য আলোচক জয়ন্ত সাহা বলেন আইনগত শিক্ষা শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সমাজের বহুমুখী সমস্যা সমাধান করে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করে। বিশ্বায়নের ফলে ক্রমাগত পরিবর্তনমূখী সমাজ ব্যবস্থায় প্রথাগত আইন শিক্ষায় শিক্ষিতরা সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে। মাধ্যমিক পর্যায় থেকে আইন শিক্ষার প্রচলন করতে হবে। এই শিক্ষাক্রমে সমাজের বহুমুখী বিষয় অর্ন্তভূক্ত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে ড. সেলিম তোহা বলেন বিশ্বায়নের ফলে আইনগত শিক্ষার একটি ব্যাপক পরিবর্তন হয়েছে আজকের সেমিনারটি সে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরবে।জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেমিনারে বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























