বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবিঃ ক্লাস ছাড়াই পরীক্ষা নেয়া, পরীক্ষার খাতা হারানো, শিক্ষার্থীদের অবমূল্যায়ন সহ একঝাঁক অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে। অভিযোগ করেছেন বিভাগটির ১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে ফলাফল পূণ:মূল্যায়ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য,ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করা আবেদনে এসব অভিযোগ জানান তারা। তাদের অভিযোগ, ধারাবাহিক ভাবে খারাপ ফলাফল প্রদান করা হচ্ছে চিত্রকলা গ্রুপের শিক্ষার্থীদের, নিয়মিত ক্লাস না হওয়ার পরও ক্লাস ছাড়াই পরীক্ষায় বসতে বাধ্য করেন শিক্ষকরা। ব্যাক্তিগত ক্ষোভ শিক্ষার্থীদের উপর প্রয়োগ করার অভিযোগের পাশাপাশি শ্রেণী নম্বর সংরক্ষণ না করা, কাজের সঠিক মূল্যায়ন না করার কথাও জানিয়েছেন তারা।এসব কর্মকাণ্ডের প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলেও। পূর্বের বছরগুলো ভালো রেজাল্ট হলেও হঠাৎ ধ্বস নামায় বিভাগটির ৩য় বর্ষের খাতা পুনরায় মূল্যায়নের দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।সূত্রে জানা যায়, বিভাগটির তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয় চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখে। পরীক্ষা শেষ হওয়ার অন্তত ৬ মাস পর চলতি মাসের ১৫ তারিখে ফলাফল দেয়া হয়। ফলাফল আশানুরূপ না হওয়ায় পুণ:মূল্যায়নের এ দাবি শিক্ষার্থীদের।
ফলাফল পুনরায় মূল্যায়ন বিষয়ে জানতে চাইলে ছাপচিত্র বিভাগের সভাপতি সুশান্ত কুমার অধিকারী জানান, বিভাগের শিক্ষকরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করেছি। আগামী ২২ সেপ্টেম্বর একাডেমিক কমিটির সভায় শিক্ষার্থীদের মঙ্গল বিবেচনায় এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























