রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আগামীকাল (সোমবার) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রবিবার বিকেলে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৩৭ হাজার। আবেদন করা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে। প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে সার্ভিস চার্জসহ ১ হাজার ৩২০ টাকা।
অধ্যাপক মোল্যা জানান, দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত। প্রাথমিক আবেদনে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ও ‘সি’ ইউনিটে ৫৬ হাজার আবেদন জমা পড়ে। ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ জিপিএ ৭ থাকতে হবে, ‘বি’ ইউনিটে বাণিজ্য শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ জিপিএ ৭.৫০ থাকতে হবে এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ জিপিএ ৮.০০ থাকতে হবে।























