বাসচাপায় নিহত শিল্পী পারভেজের আহত পুত্র আলভী’র শয্যাপাশে তথ্যমন্ত্রী বলেছেন কিছু দানবরূপী চালকদের রুখতেই হবে।
বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ট্রমা সেন্টারে বাসচাপায় গুরুতর আহত কিশোর আলভী’কে দেখার পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) যে পরিবহনের বাসচাপায় উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রব নিহত হন, সেই একই পরিবহনের বাস চাপায় শনিবার (৮ সেপ্টেম্বর) তার কনিষ্ঠ পুত্র আলভী গুরুতর আহত ও তার বন্ধু মেহেদী নিহত হন।

‘সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা রোধে জোরালো ক্যাম্পেইন প্রয়োজন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা পৃথিবীর সব দেশেই আছে কম বেশি। সরকার ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে এবং ১১১টি সুপারিশ সেখানে নেয়া হয়েছে। আমি আশা করি, এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘দেশে সড়ক বাড়ছে, গাড়ি বাড়ছে, মানুষ বাড়ছে এর সাথে সাথে সড়কের নিরাপত্তায় মালিক সমিতি, শ্রমিক ও চালক ভাইদের সমিতি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে একটা ক্যাম্পেইন হাতে নিতে পারি। আশা করি তাহলে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারবো। আমি মালিক, শ্রমিক ও চালক ভাইদের সমিতিসহ বিভিন্ন সমিতিগুলোকে অনুরোধ জানাবো, যাতে করে কেউ ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে না পারে এবং অসুস্থ গতি প্রতিযোগিতায় না নামে, এজন্য সবার সচেতনতা দরকার’ বলেন ড. হাছান।
আলভী’র মাতা রুমানা সুলতানা, খালা মনিরা বেগম, ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এসময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বিনা খরচে আলভীর চিকিৎসাের জন্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হককে অনুরোধ জানালে তিনি সে ব্যবস্থা করবেন বলে জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























