বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পিএইচ.ডি কনভার্সন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের আয়োজনে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে পিএইচ.ডি গবেষক ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের প্রভাষক
মো. ইউসুফ ‘রংপুর ও নীলফামারী জেলার কুটির শিল্পের ঐতিহাসিক পর্যালোচনা (১৯০০-২০১০): গ্রাম ভিত্তিক সমীক্ষা-’ শিরোনামে তাঁর গবেষণা উপস্থাপন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। ভাইস-চ্যান্সেলর এ সময় গবেষণা ও তথ্য-প্রযুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থী এবং ইন্সটিটিউটের গবেষকবৃন্দের প্রতি আহবান জানান।

গবেষকের এই গবেষণা, আবহমান বাংলার ঐতিহ্য-সংস্কৃতি এবং দেশের
প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা কুটির শিল্প টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের সকল ধরনের কার্যক্রম সচল রাখতে এবং এর সার্বিক সফলতা অর্জনে যা যা করণীয় সে বিষয়ে আশ্বাস প্রদান করেন। সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত বিভাগের প্রফেসর ড. একেএম শাহনাওয়াজ এবং আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী।

সেমিনারে বিষয় বিশেষজ্ঞ এবং আলোচক উভয়েই গবেষকের গবেষণার বিষয়টিকে নানান আঙ্গিকে মূল্যায়ন করেন এবং গবেষণা কর্মটি যাতে সফলতা অর্জন করে সেই আলোকে প্রয়োজনীয় পরামর্শ দেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন গবেষকের সুপারভাইজারের দায়িত্ব পালনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের  ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবু মো. ইকবাল রুমী শাহ্‌।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে