ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং কালো পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।
এসময় তাঁদের সাথে থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। একই সময়ে অনুরুপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হল প্রভোস্ট। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দু’আ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে শেষ হবে। সকাল ১০ টায় “মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে” বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এছাড়া বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দু’আ অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ২০১৯
গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ২১ আগস্ট বেলা ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক প্রতিবাদ র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হবে। সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দু’আ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস ২০১৯ উপলক্ষ্যে ২১ আগস্ট বেলা সাড়ে ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। বিশেষ অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। সভাপতিত্ব করবেন “১৫ আগস্ট জাতীয় শোকদিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ২০১৯” উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























