সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণার ফলাফলকে কেন্দ্র করে জনপ্রতিনিধি, সরকারী আমলা ও বিভিন্ন কোম্পানীর কর্তাব্যক্তিদের আক্রমণাত্মক বক্তব্য ও আচরণে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ দারুণভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ।

আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং প্যাকেটজাত পাস্তুরিত ও অপাস্তুরিত তরল দুধের উপর গবেষণা ও তার ফল প্রকাশ সেই দায়বদ্ধতার জায়গা থেকে শতভাগ সিদ্ধ। এই গবেষণার ফলাফলে বীতশ্রদ্ধ হয়ে যারা অধ্যাপক আ ব ম ফারুককে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে বিপন্ন করছেন,তারা শুধুমাত্র জনহিতকর একটি কাজেরই বিরোধীতা করছেন না, জ্ঞান-চর্চার মুক্ত পরিবেশও নষ্ট করছেন বলে আমরা মনে করি।
সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, যেহেতু এই গবেষণালব্ধ ফলাফল জনস্বাস্থ্যের জন্য খুবই উদ্বেগজনক বার্তা দেয়, অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এবং একই সঙ্গে অধ্যাপক আ ব ম ফারুক যেন কোনক্রমেই কোনরূপ হয়রানির শিকার না হন তা নিশ্চিত করুন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























