বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানাতে রাজি হয়নি পুলিশ।
বুধবার ( ৩ জুলাই)সকাল সাড়ে ৯টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ মো. মারুফ হোসেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, ‘মঙ্গলবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে।’এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ জন এবং সন্দেহভাজন হিসেবে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলোচিত এই মামলার এজাহারভুক্ত গ্রেফতাররা হলেন, ২ নম্বর আসামি রিফাত ফরাজি (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২) ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)।এছাড়া রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্ততে নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামরুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি নামে আরো পাঁচজনকে্ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে চন্দন ও হাসান সাত দিনের এবং সাগর, সাইমুন ও নাজমুল পাঁচদিনের রিমান্ডে রয়েছেন। আর রিফাত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১১ নম্বর আসামি অলি ও ফুজেট দেখে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া অভিযুক্ত তানভীর।
গত ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























