জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যা সার্ক বিশ্ববিদ্যালয় নামে সমধিক পরিচিত।
১৪ জুন ২০১৯ তারিখ ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) ফিন্যানসিয়াল এক্সপার্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্তটি গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়টির চেয়ারপার্সন ড. কবিতা এ শর্মার সভাপতিত্বে সার্কভূক্ত ০৭ টি দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রিলঙ্কা, মালদ্বিপের) প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপনের প্রস্তাবটি উত্থাপন করেন। অংশগ্রহণকারী সদস্যগণ অধ্যাপক শাহ্ নওয়াজ আলির প্রস্তাবকে স্বাগত জানান এবং সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়।
এ প্রসঙ্গে অধ্যাপক শাহ্ নওয়াজ আলি বলেন, তিনি ফিন্যানসিয়াল এক্সপার্ট কমিটির ২য় সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়টি তুলে ধরেন। এ উপলক্ষ্যে সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করেন। এর ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে বলে তিনি জানান ।তিনি আরও বলেন, পাকিস্তান প্রথমে এ প্রস্তাবের বিরোধিতা করেলেও পরবর্তীতে সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়।
অধ্যাপক শাহ্ নওয়াজ আলি বলেন, দেশের বাইরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়টি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে। এর মাধ্যমে বাংলাদেশের মহান নেতা ও স্বাধীনতার স্থপতির জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাঁর অবদান সাকভুক্ত দেশসমূহসহ বিশ্বের তরুণ প্রজন্ম জানতে পারবে।
পাশাপাশি, এ আয়োজন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পারস্পারিক সম্পকের্র উন্নয়ন ঘটবে বলে তিনি মনে করেন।উল্লেখ্য, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কভুক্ত ৮টি দেশের সমন্বয়ে গঠিত। ২০০৫ সালে প্রতিষ্ঠিত আন্তজার্তিক এ বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























