নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং জাপানের উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি “এমওইউ” সই হয়েছে। সম্প্রতি উতসোনোমিয়ার ক্যাম্পাসে চুক্তি সই অনুষ্ঠানে নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। আর উতসোনোমিয়ার পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. মিয়োশু আয়ামা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল এ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. নোবোরু সুজোকি এবং একই বিভাগের অধ্যাপক ড. মাসোহিদে চাতো প্রমুখ।এই চুক্তির আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা স্নাতক, স্নাতোকোত্তর উচ্চ শিক্ষায় ভর্তি পরীক্ষা ছাড়াই জাপানের উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। পাশাপাশি উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নোবিপ্রবিতে অধ্যয়নের সুযোগ পাবে।
নোবিপ্রবি প্রকৌশল অনুষদ এবং উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে স্বাক্ষরিত এমওইউর আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাবে। এতে করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান বিশ্বমানের হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেলো।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























