ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে মঙ্গলবার বাংলা মে প্রফেসর হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রফেসর হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, আজ এই মাহেন্দ্রক্ষণে আম্রকাননে প্রফেসর হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব বৃত্তি প্রদানে নতুন দিগন্তের সূচনা হলো।
যা শুধুমাত্র বাংলা বিভাগের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য একটি অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত। এতে করে স্ব স্ব বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা পড়াশুনায় আরো উদ্যোমী ও মনোযোগী হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে এই ধরণের অনুপ্রেরণামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করবার জন্য উদাত্ত আহবান জানান। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আরো বলেন, প্রফেসর হাবিব আর রহমান খুব ধনী ব্যক্তি নন তবু তিনি তাঁর জীবদ্দশায় বিভাগের শিক্ষার মান উন্নয়নের জন্য যে অবদান রেখে গেলেন তা অসাধারণ ও অবিস্মরণীয়। তিনি প্রফেসর হাবিব আর রহমানের দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আমি আজকে প্রফেসর হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসে গর্ববোধ করছি। এমন একজন মানুষ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে আছে। প্রফেসর হাবিব আর রহমান চিন্তা, চেতনা, ভাবনায় যে সবসময় বিশ্ববিদ্যালয়কে নিয়ে ও বিভাগকে নিয়ে ভাবেন তা আজ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড, মোঃ সরওয়ার মুর্শেদ। এছাড়া বক্তব্য রাখেন প্রফেসর হাবিব আর রহমান।
পরে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের তিন জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক ড. তপন কুমার রায়। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























