চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার দুপুরে একথা জানায় রেড ক্রিসেন্ট।

রেড ক্রিসেন্ট জানায়, আমরা চারপাশে মাইকিং করছি। সে অনুযায়ী আমাদের কাছে এখন পর্যন্ত ১৬ জন নিখোঁজের তালিকা এসেছে। নিখোঁজ সদস্যদের নাম-ঠিকানা লিখিত আকারে নির্দিষ্ট ফরমে লিখে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি।
চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

বুধবার রাতে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























