কুষ্টিয়া প্রতিনিধিঃ ‘সন্ত্রাসী ও দূর্নীতিবাজ দল বিএনপিকে জনগন আর কখনও গ্রহন করবে না’ এমন মন্তব্য করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আগামী নির্বাচনেও বিএনপিকে জনগন দূরে রাখবে, আর আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় হবে। শেখ হাসিনার গত ১০ বছরের উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে রায় দিয়ে জনগন আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসবে।
হানিফ বলেন, দল থেকে মনোনয়নের ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে জেলা, উপজেলা পরিষদ ও পৌরসভা চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়, তাই অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন পাননি। দলের এই সিদ্ধান্তের বাইরে যদি কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয় তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিউল আলম ইভান
কুষ্টিয়া ।। বিডি টাইমস নিউজ



























