ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়ের বিষয়ে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফল অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দলটির পূর্বঘোষণা অনুযায়ী, চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন।

বিএনপির বিপুল বিজয় নিয়ে অনুভূতি প্রকাশ করে মাহদী আমিন বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।”

তিনি আরও বলেন, বিএনপির সরকার হবে একটি ‘জনকল্যাণমূলক সরকার’, যা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মন্তব্য করেন তিনি।

নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে