ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে ৪০তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে আজ (২২ নভেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন জাতীয় দিবসসমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এসময় তাঁদের সঙ্গে ছিলেন। সকাল ৯টা ৪৫মিনিটে প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ-এর উপস্থিতিতে সকাল ১০টায় শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বর হতে আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

বিভিন্ন বিভাগ, অফিস, হল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে স্ব-স্ব ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুনসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, কেন্দ্রীয় গ্রন্থাগার, চিকিৎসা কেন্দ্র ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে দিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সকাল ১০টা ৩০মিনিটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী), উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয়ের ৪০তম জন্মদিনের কেক কাটেন। এসময় ছাত্র-উপদেষ্টা ও ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ এবং অফিসপ্রধানগণ মঞ্চে উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তৌফিক এলাহী, বৃষ্টি, মীম, দীপ্তসহ বিশ্ববিদ্যালয়ের শিল্পীবৃন্দ। এছাড়াও কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী শিরিন সুলতানা, রাখী শবনম, শহীদুল বাউল, আশালতা প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আক্তার।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে