দৃষ্টিনন্দন আয়োজন আর শ্বাসরুদ্ধকর শারীরিক কসরত দেখতে বিদেশে না গেলেও চলবে। দেশের মাটিতেই অসাধারণ সব পরিবেশনা উপভোগের সুযোগ করে দিতে কক্সবাজারে শুরু হয়েছে চীনের শিল্পীদের নান্দনিক অ্যাক্রোব্যাট প্রদর্শনী। বেসরকারি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের এই আয়োজন দেখতে প্রতি সন্ধ্যায় ভীড় করছেন শত শত পর্যটক।
দেশের সবচেয়ে বড় পর্যটন নগরী হলেও কক্সবাজারে রাতের বেলায় বিনোদনের জন্য এতদিন তেমন কোন আয়োজন ছিলনা। এবার সেই অভাব পূরণে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান, কক্স কার্নিভাল।
সমুদ্র সৈকতের পাশেই প্রতিষ্ঠানটির নিজস্ব মিনি স্টেডিয়ামে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে জমজমাট অ্যাক্রোব্যাট শো। অনবদ্য শারীরিক কসরতের মাধ্যমে চীনের শিল্পীরা দেখাচ্ছেন হ্যাংগিং, হুলা হুপ, ফানি ক্লাউনস, কিকস্ দ্যা বোল, জুডো রোল ল্যাম্প, ড্রাগন ড্যান্সসহ নানা মনোমুগ্ধকর প্রদর্শনী। পর্যটকদের কাছে এরই মধ্যে সাড়া ফেলেছে এই আয়োজন। ভবিষ্যতে অ্যাক্রোবেট শো তে আরো নতুন ইভেন্ট যোগ করার পরিকল্পনা করছেন আয়োজকরা।
দেশের পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবেও ব্যতিক্রমী কিছুর আয়োজন চান কক্সবাজারের ব্যবসায়ীরা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় অ্যাক্রোব্যাট প্রদর্শনী। প্রতি দুই ঘন্টার প্রদর্শনীর টিকিট মূল্য ৩০০ টাকা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























