ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪শো শিক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগির ঘোষণা করা হবে পরীক্ষার তারিখ। প্রশ্ন ফাঁসের অভিযোগে এই পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিল ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

১২ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগেই অভিযোগ ওঠে প্রশ্ন ফাঁসের। এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে আটকও করে পুলিশ। পরে প্রশ্ন ফাঁসের সত্যতা নিশ্চিত করে তদন্ত কমিটি। এরপরও ১৬ অক্টোবর ঘোষণা করা হয় ফল। এতে পাসের হার এবং প্রাপ্ত নম্বর অস্বাভাবিক বলে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালেও ফল বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল করে ছাত্রলীগ। পরে চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয় তারা। এদিকে ঘ ইউনিটের পরীক্ষার বিষয়ে মঙ্গলবার দুপুরে সভা করে ডিনস কমিটি। সেখানে পাস করা পরীক্ষার্থীদের আবারও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয় বলে জানান উপাচার্য। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপাচার্য।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে